উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত চলে দেদার খাওয়াদাওয়া। উৎসবের দিনগুলোতে চাইলেও কোনও নিয়ম মেনে চলা সম্ভব নয়। তবে পুজোর দিনগুলোর অনিয়ম, বাইরের ভাজাভুজি খাওয়ায় ফলে বেড়ে যায় গ্যাস-অম্বলের সমস্যা। তাই এই ধরনের সমস্যা সমাধানের কিছু ঘরোয়া টোটকা জেনে রাখুন (Ideas)।
১. বেশি তেলমশলা দেওয়া খাবার খাওয়ার পরপরই জল খাবেন না। অম্বলের সমস্যা বেশি হলে সারা রাত মৌরি জলে ভিজিয়ে রেখে দিন। সকালে সেই জল ছেঁকে খেলে গ্যাস-অম্বলের থেকে রেহাই পেতে পারেন।
২. কলায় প্রচুর পটাসিয়াম থাকে, যা প্রাকৃতিক অ্যান্টাসিড। গ্যাস-অম্বল প্রতিরোধ করতে সাহায্য করে।
৩. অম্বল হয়ে পেট-বুক জ্বালা করলে সঙ্গে সঙ্গে আরাম দিতে পারে আধ কাপ ঠান্ডা দুধ। দুধে এমন কিছু জিনিস থাকে, যা অ্যাসিডের সঙ্গে লড়তে সক্ষম। শরীরে অ্যাসিডের মাত্রা কমায়। ফলে কম সময়ে শরীরের ভিতরের জ্বালাভাব কমে।
৪. জিরে গ্যাস-অম্বল নিরাময়ে খুবই সাহায্য করে। শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিন। এক চামচ জিরে গুঁড়ো এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। এছাড়াও হজমের সমস্যায় টক দইয়ের সঙ্গে জিরে গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন।
৫. গোলমরিচ, লবঙ্গ, এলাচ খেলেও অ্যাসিডের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। অল্প বিটনুন দিয়ে আদা কুচি খেলে গ্যাস-অম্বল প্রতিরোধ করা যায়।
