উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওষুধ খেতেই হবে (Excessive Blood Stress)। সেই সঙ্গে খাওয়াদাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। নুন খাওয়া তো একদমই চলবে না। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে ভরসা রাখতে পারেন কিছু পানীয়তে। সেগুলি কী কী, জেনে নিন।
বিটের জুস
বিটরুট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, তাঁদের ডায়েটে বিট রাখা উচিত। এই সবজিতে নাইট্রেট রয়েছে, যা রক্তনালিগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। সকালে বিটের রস খেলে দারুণ উপকার পাবেন। তবে নুন মেশাবেন না।
ডাবের জল
প্রেশারের রোগীরা ডাবের জলও খেতে পারেন। এই পানীয় শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডাবের জলে অত্যধিক মাত্রায় সোডিয়াম থাকে না, যা রক্তচাপ বাড়ায়। বরং, এই পানীয় শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমায়। সকালে শরীরচর্চা করার পর ডাবের জল খেতে পারেন।
গ্রিন টি
চিনি-দুধ দিয়ে চা বা কফি খাওয়ার বদলে গ্রিন টি খান। গ্রিন টিয়ের মধ্যে ক্যাটেচিনের মাত্রা বেশি। এই উপাদান রক্তনালির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। দিনে ২-৩ কাপ গ্রিন টি খেতে পারেন।
লেবুর জল
উচ্চ রক্তচাপের রোগীরা ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। লেবুর রসে ভিটামিন সি থাকে, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
