দুবাই: ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়তে চলেছে। মাঝে সপ্তাহ তিনেক সময়। অথচ, স্টেডিয়ামের কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা কিছুতেই কাটছে না। পাকিস্তানের প্রথম সারির দৈনিক ‘ডন’-এর খবর অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির তিন স্টেডিয়ামের কাজ যে অবস্থায় দাঁড়িয়ে, তা ৩১ জানুয়ারি সময়সীমার মধ্যে শেষ করা কার্যত অসম্ভব। যদিও মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাজ পর্যবেক্ষণে গিয়ে পিসিবি প্রধান মহসিন নকভির দাবি, সবকিছু রুটিন মাফিক এগোচ্ছে। সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
চলতি অচলাবস্থার জেরে আইসিসির সিইও পদ থেকে রাতারাতি সরে দাঁড়ালেন জিওফ অ্যালারডিস। পাকিস্তানের প্রস্তুতি নিয়ে ধোঁয়াশা রাখার অভিযোগ উঠছিল অ্যালারডিসের বিরুদ্ধে। যার জেরেই নাকি পদত্যাগ। ২০২১-এ সিইও-র দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেট প্রশাসক। মেয়াদকাল বাকি থাকলেও, বিতর্কের কারণে পদত্যাগ বলে আইসিসি সূত্রে দাবি। তবে অ্যালারডিস কিংবা আইসিসি, কারওর তরফেই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
