দুবাই: মিশন ইংল্যান্ডে সাফল্যের পুরস্কার। আইসিসি ক্রমতালিকায় কেরিয়ারের সেরা স্থানে পৌঁছে গেলেন মহম্মদ সিরাজ। সিরিজে সর্বাধিক ২৩টি উইকেট নিয়েছেন হায়দরাবাদ এক্সপ্রেস। পরিসংখ্যান ছাপিয়ে স্বপ্নের বোলিংয়ে ওভালে হারা ম্যাচ জেতানো। ক্রিকেটমহল মজে যে সিরাজ-ম্যাজিকে। এর মধ্যে আইসিসি র্যাংকিংয়ের সৌজন্যে ভারতীয় স্পিডস্টারের মুকুটে নয়া পালক।
১২ ধাপ এগিয়ে টেস্ট কেরিয়ারের সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। গত বছর জানুয়ারি মাসে ১৬ নম্বর স্থানে ছিলেন সিরাজ। নিজের সেই র্যাংকিংকে এবার টপকে গিয়ে প্রথম পনেরোয় জায়গা করে নিলেন। সিরিজে সিরাজের মতো ছাপ রেখেছেন রবীন্দ্র জাদেজাও। তবে ব্যাটিংয়ে দাপট দেখালেও বোলিং প্রত্যাশা মেটাতে পারেননি। ফলস্বরূপ ২ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে জাদেজা।
বোলিং বিভাগের শীর্ষস্থান নিজের দখলেই রেখেছেন জসপ্রীত বুমরাহ। পাঁচ ম্যাচের সিরিজে তিনটি টেস্ট খেলেন। ওয়ার্কলোডের কারণে ওভাল ম্যাচের আগেই দেশে ফিরে এসেছেন। তবে বুমরাহর র্যাংকিংয়ে তার প্রভাব পড়েনি। দ্বিতীয় স্থানে থাকা কাগিসো রাবাদার (৮৫১) থেকে ৩৮ পয়েন্টে এগিয়ে বুমরাহ (৮৮৯ পয়েন্ট)। প্রসিধ কৃষ্ণাও নিজের সেরা ৫৯তম স্থানে উঠে এসেছেন। ওভাল টেস্টের দুই ইনিংসেই সিরাজ ও প্রসিধ চার বা ততোধিক উইকেট নিয়েছিলেন। একই টেস্টে ভারতীয় বোলারদের এমন কৃতিত্ব রয়েছে বিষেণ সিং বেদি ও এরাপল্ল প্রসন্নর (১৯৬৯, দিল্লি, অস্ট্রেলিয়া)।
বোলারদের সেরা দশে মূলত অস্ট্রেলিয়ার প্রাধান্য। প্যাট কামিন্স (তৃতীয়), জোশ হ্যাজেলউড (পঞ্চম), স্কট বোল্যান্ড (সপ্তম), নাথান লায়োন (অষ্টম) ও মিচেল স্টার্ক (দশম)-অস্ট্রেলিয়ার পুরো বোলিং লাইনআপ প্রথম দশে জায়গা করে নিয়েছে!
ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রমতালিকায় সেরা র্যাংকিংয়ে যশস্বী জয়সওয়াল। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে রয়েছেন বাঁহাতি ওপেনার। যশস্বীর সংগৃহীত পয়েন্ট ৭৯২। সেরা দশে অপর ভারতীয় ব্যাটার হলেন ঋষভ পন্থ (অষ্টম, ৭৬৮)। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট (৯০৮)। ওভালের নির্ণায়ক ইনিংসে ৯৮ বলে বিস্ফোরক ১১১ রানের ইনিংস খেলা তথা সিরিজ সেরা হ্যারি ব্রুক রয়েছেন দ্বিতীয় স্থানে। পরের দুই স্থানে যথাক্রমে কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। বেন ডাকেট দশম স্থানে।
