মায়ামি: লিগ কাপে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। নেপথ্যে ডান পায়ের পেশিতে লাগা চোট।মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বুধবার সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন লিগ কাপে মায়ামির পরবর্তী ম্যাচে পাওয়া যাবে না আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী কবে ফিরবেন তা স্পষ্ট করে বলতে পারেননি মাসচেরানো।
মেসির প্রাক্তন সতীর্থ মাসচেরানো বলেছেন, ‘মেসির চোট সারিয়ে ফিরে আসতে সাধারণত বেশি সময় লাগে না। ওর চোট সারতে সময়ও কম লাগে। তবে লিগ কাপে বৃহস্পতিবারের ম্যাচে ওকে পাব না এতে কোনও সন্দেহ নেই।’
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম। নির্ধারিত সময়ে এই ম্যাচ জিতলে লিগ কাপের নক আউট পর্ব নিশ্চিত করবে মায়ামি। নক আউট পর্ব শুরু হবে চলতি মাসের ১৯ বা ২০ তারিখে। ততদিনে চোট সারিয়ে ফিরে আসবেন মেসি। প্রসঙ্গত, লিগ কাপের শেষ ম্যাচেই পায়ে চোট লেগেছিল মেসির। মাত্র ১১ মিনিটেই উঠে যান তিনি। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পর শেষ পর্যন্ত সেই ম্যাচ টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে মায়ামি।
