Suvendu Adhikari | মাখনলাল-রিচার বাড়িতে আসতে পারেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: বিজয়ার শুভেচ্ছা জানাতে এবার দলের বর্ষীয়ান নেতা মাখনলাল সরকারের শিলিগুড়ির বাড়িতে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমস্তকিছু ঠিক থাকলে মঙ্গলবার শহরের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগরে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। যার ইঙ্গিত মিলেছে সোমবার পুলিশ-প্রশাসনিক কর্তাদের আনাগোনায়। তবে মাখনলাল ও শুভেন্দুর পরস্পর কখন সৌজন্য বিনিময় হতে পারে, তা স্পষ্ট নয়। প্রশাসনিক সূত্রে খবর, বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী সরাসরি সূর্যনগরে আসতে পারেন অথবা উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে বাঘা যতীন পার্ক থেকে শুরু হওয়া দলীয় পদযাত্রায় যোগ দেওয়ার আগে তিনি দেখা করতে পারেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী মাখনলালের সঙ্গে। তাঁদের মধ্যে শেষ দেখা হয়েছিল কলকাতার মিলনমেলায় রাজ্য সরকার আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ এবং বিশিষ্ট চিকিৎসক পি ডি ভুটিয়ার সঙ্গে।

সকাল ১১টা নাগাদ সূর্যনগর এবং সুভাষপল্লিতে ঘনঘন পুলিশ ভ্যান ঘুরেছে। তখনও দুই পাড়ার কেউ বুঝতে পারেননি পুলিশের এত উপস্থিতি কেন। কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা সহ পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত হতেই বিষয়টি স্পষ্ট হয়। জানা যায়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী দেখা করবেন মাখনলাল এবং রিচার সঙ্গে। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও এলাকা দুটিতে গিয়ে বিভিন্ন খোঁজ নেন। একই ঘটনা ঘটে ডাঃ পি ডি ভুটিয়ার বাড়ি সংলগ্ন এলাকাতেও। তিনটি এলাকাতেই সন্ধ্যার পর থেকে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দারা নজর রেখেছেন এবং সংগ্রহ করেছেন বিভিন্ন তথ্য। জানা গিয়েছে, এদিন রাতে মাখনলালের সূর্যনগরের বাড়িতে পৌঁছে বাড়ির ওয়্যারিং ব্যবস্থার পাশাপাশি মিটার ও মেইন সুইচ পরীক্ষা করে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির একটি বিশেষ দল।

তবে সরকারিভাবে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানান মাখনলাল। তিনি বলেন, ‘সকাল থেকে পুলিশ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বাড়িতে এসেছেন। আমার শারীরিক খোঁজখবর নিয়েছেন। তবে কাল মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন কি না, প্রশাসনের তরফে সেই সংক্রান্ত কিছু জানানো হয়নি।’ জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘মুখ্যমন্ত্রী তিনজনের বাড়িতে যাবেন বলে আজ সন্ধ্যা পর্যন্ত ঠিক রয়েছে। তবে সমস্তকিছুই স্পষ্ট হবে মঙ্গলবার তিনি শিলিগুড়ির পৌঁছানোর পর।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *