উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেটে (Girls Cricket) এক সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দলের দীর্ঘদিনের অধিনায়ক (Captain) হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। মঙ্গলবার এক ঘোষণায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও ফরম্যাটেই তিনি আর দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন না। তাঁরই ক্ষুরধার নেতৃত্বে দেশের নারীশক্তি ক্রিকেট মাঠে বিশ্বমঞ্চে ইতিহাস সৃষ্টি করেছিল, যার মধ্যে প্রথমবার দেশের ঝুলিতে বিশ্বকাপ জয়ের গৌরবও রয়েছে। এছাড়া মাত্র কিছুদিন আগেই তাঁরই হাতের মুঠোয় এসেছিল এশিয়ান গেমসের সোনা। এই সমস্ত সাফল্যের পরেই মঙ্গলবারের এই ঘোষণা ভারতীয় ক্রীড়াজগতে এক যুগান্তকারী মোড় আনল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশ্যে একটি অত্যন্ত আবেগঘন বার্তা শেয়ার করে ক্যাপ্টেন্সি ত্যাগের কথা ঘোষণা করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’
নেতৃত্বের দীর্ঘ এই যাত্রাপথে বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সেই প্রসঙ্গে তিনি আরও যোগ করেছেন, বিদায়বেলায় হরমনের মত, অধিনায়ক হিসাবে বহু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যা হয়তো অনেকে মানতেন পারেননি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটাই উদ্দেশ্য ছিল হরমনের, যেন ভারতীয় দলের উন্নতি হয়। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, ‘আমি সবই দেখেছি। ব্যর্থতা, সমালোচনা থেকে সাফল্য, সেলিব্রেশন, গর্ব-সমস্তই ঘটেছে। আজ আমি অধিনায়কত্ব ছাড়ছি প্রচুর আবেগ নিয়ে। কিন্তু সঙ্গে রয়েছে একরাশ শান্তি। কারণ আমি জানি, দল খুব ভালো জায়গায় রয়েছে।’ তাঁর এই সুদীর্ঘ ও বর্ণময় নেতৃত্বকালের অবসান ঘটিয়ে ভারতীয় দল এবার এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়াতে চলেছে।

