Gunda Daman Invoice | গুন্ডাদমন বিল রাষ্ট্রপতি ফিরিয়ে দিয়েছেন? সমস্ত জল্পনা ও ভুয়ো খবর উড়িয়ে বড় দাবি মুখ্যমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গুন্ডাদমন বিল (Gunda Daman Invoice) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরত পাঠিয়েছেন—শুক্রবার বেলার দিকে এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়। বিরোধী দলগুলি এই ইস্যুকে সামনে এনে সরকারকে আক্রমণ শানালেও, রাতেই সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গুন্ডাদমন বিলটি এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি, ফলে তা ফেরত আসার প্রশ্নই ওঠে না। এই ধরনের সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার রাতে রাজ্য স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি-কে পাশে নিয়ে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিল এখনও রাষ্ট্রপতির কাছে যায়নি। খোঁজখবর নিয়েই বলছি, এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। যারা নিজেদের গুন্ডা বলে মনে করে, তারাই এসব কথা ছড়াচ্ছে। কারণ তারা জানে এই বিল আইনে পরিণত হলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, এই বিলটির প্রধানত দুটি অংশ রয়েছে। এর মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং সুদ-সহ তিন গুণ আদায় করার অংশটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। অন্য অংশটি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পর্যালোচনার স্তরে রয়েছে। যেহেতু এই বিলে জামিন অযোগ্য ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে, তাই সমস্ত আইনি দিক খতিয়ে ও স্টাডি করেই তা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমেই তা পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। খুব শীঘ্রই এই বিলে অনুমোদন মিলবে এবং এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলেই তিনি আশাপ্রকাশ করেছেন।

উল্লেখ্য, গুন্ডাদমন বিল ফেরত এসেছে বলে শুক্রবার বেলার দিকে খবর সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিআইএম সহ বিভিন্ন বিরোধী দল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর রাতের এই স্পষ্ট বার্তার পর সমস্ত গুন্ডাদমন বিল সংক্রান্ত জল্পনার অবসান ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *