উত্তরবগঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারত থেকে বিহারে জাল নোট পাচারের বড়সড় প্রচেষ্টা রুখে দিল নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনের জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। রবিবার আগরতলা-দেওঘর এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকার জাল নোটসহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার এনজেপি জিআরপি-র এসওজি টিম আগরতলা-দেওঘর এক্সপ্রেসের (ডাউন) জেনারেল কামরায় হানা দেয়। কামাখ্যা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়া এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ একরাম আনওযাঁর (২৭)। তিনি বিহারের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা।
ধৃতের ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ যা উদ্ধার করেছে চারটি কালো প্যাকেটে মোড়ানো মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট, একাধিক সিম কার্ড, দুটি ব্যাংক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই জাল নোটের কারবার উত্তর-পূর্বাঞ্চল থেকে বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এই চক্রের পেছনে আর কে কে জড়িত আছে, তা খতিয়ে দেখছে এনজেপি জিআরপি ও এসওজি টিম।
