গোয়ালপোখর: রাজ্যের শাসকদলের জনকল্যাণমুখী প্রকল্প এবং উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে অভিনব প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরের (Goalpokhar) গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে জোরদার প্রচার চালানো হয়।
এদিন গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মহঃ আলাউদ্দিনের নেতৃত্বে এই বিশেষ প্রচার কর্মসূচি পালিত হয়। ট্যাবলোটি পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ও পাড়া পরিক্রমা করে। মাইকিং এবং বার্তার মাধ্যমে গত কয়েক বছরে এলাকায় হওয়া রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্য সাথী’ এবং ‘কন্যাশ্রী’র মতো প্রকল্পের সুফল নিয়ে গান ও প্রচারের মাধ্যমে গ্রামের প্রতিটি কোণায় পৌঁছানো হয়।
প্রচার কর্মসূচিতে প্রধান মহঃ আলাউদ্দিনের সঙ্গে পা মিলিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মী ও উৎসাহী সমর্থকরা। প্রধান মহঃ আলাউদ্দিন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ব্যাপক কাজ হয়েছে, সেই উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মানুষের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করছে।’
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচন বা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই ট্যাবলো প্রচার অত্যন্ত কার্যকরী। বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বিরোধী শিবিরের মোকাবিলা করতেই তৃণমূল এই কৌশল নিয়েছে। দিনভর এই প্রচারকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
