উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারের মধ্যে বচসার জেরে মারাত্মক কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। ইচ্ছাকৃতভাবে জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। উত্তর-পশ্চিম ফ্রান্সের (France) কান (Caen) শহরের এই ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে।
পুলিশ (POLICE) ও অগ্নিনির্বাপক বিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কান শহরের একটি বারের বাইরে বাস যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন এক চালক। সেই সময়ই আচমকা এক ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকা পথচারী ও যাত্রীদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার কিছু আগেই বারের ভেতরে কারোও সঙ্গে তীব্র বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে বেরিয়েই তিনি আক্রোশবশত ভিড়ের দিকে গাড়ি চালিয়ে দেন।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে জরুরি পরিষেবা দল। কান শহরের স্থানীয় প্রশাসন ও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তকে হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত (investigation) শুরু করা হয়েছে। ঘটনাটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল নাকি ব্যক্তিগত শত্রুতার জের, তা খতিয়ে দেখা হচ্ছে।

