সামসী: ২০২৬ সালের হাই মাদ্রাসা পরীক্ষার (Excessive Madrasah End result 2026) ফলাফল প্রকাশিত হতেই খুশির জোয়ার মালদার রতুয়া-২ ব্লকে। মহারাজনগর হাই মাদ্রাসার ছাত্রী তাহাসিনা তাবাসসুম ৭৭৪ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে। ৮০০ নম্বরের মধ্যে তার এই নজরকাড়া সাফল্য কেবল বিদ্যালয় নয়, গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে।
তাহাসিনার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর দেখলেই বোঝা যায় তার মেধার গভীরতা। সে জীবন বিজ্ঞান ও ইতিহাসে ১০০-তে ১০০ পেয়েছে। এছাড়া গণিতে ৯৯, ইসলাম পরিচয়ে ৯৮, ভূগোলে ৯৮, বাংলায় ৯৬ এবং ভৌত বিজ্ঞানে ৯৫ নম্বর পেয়েছে সে। ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর ৯১ এবং ঐচ্ছিক আরবিতে ৯২। তাহাসিনা মহারাজনগর হাই মাদ্রাসার ছাত্রী হলেও ছোটবেলা থেকে পড়াশোনা করেছে মহারাজনগর বিসমিল্লাহ মিশন (Maharajnagar Excessive Madrasah) নামে একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে।
তাহাসিনার পরিবারে শিক্ষার পরিবেশ আগে থেকেই বিদ্যমান। তার বাবা মহম্মদ আইনুল হক পেশায় শিক্ষক, যিনি হরিপুর কে.ও সিনিয়র মাদ্রাসায় কর্মরত। মা নিলুফা ইয়াসমিন গৃহবধূ। তিন বোনের মধ্যে বড় তাহাসিনা বর্তমানে কালিয়াচকের একটি আবাসিক প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। নিজের সাফল্যের চাবিকাঠি হিসেবে সে নিয়মিত পড়াশোনা এবং শিক্ষক ও বাবা-মায়ের সহযোগিতাকেই কৃতিত্ব দিয়েছে। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে আর্ত মানুষের সেবা করতে চায় সে।
মেয়ের সাফল্যে গর্বিত বাবা আইনুল হক বলেন, “ছোট থেকেই ও পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল। আশা করি ও আগামী দিনেও নিজের স্বপ্ন পূরণ করবে।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ আতাউল হক জানিয়েছেন, তাহাসিনার এই সাফল্য এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
