উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ধনতেরাস ও দীপাবলির মুখে দিল্লির অন্যতম ব্যস্ত বাণিজ্যকেন্দ্র করোলবাগের গফ্ফর মার্কেটে (Delhi Karol Bagh Fireplace) ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে (শুক্রবার ভোররাত ১টা ২৮ মিনিট নাগাদ) একটি দোকানে আচমকাই আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন তার লেলিহান শিখা নিয়ে ছড়িয়ে পড়ে সংলগ্ন চারতলা বহুতলে। অগ্নিকাণ্ডের ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের অন্তত ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোলবাগের গফ্ফর মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেন ওয়ালি গলিতে অবস্থিত ‘পুরী প্লাজা’ নামের একটি বহুতলের দোকানে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। ওই বহুতলটিতে মূলত মোবাইল ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির একাধিক দোকান রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, একতলার একটি দোকানে মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফেটে যাওয়ার ফলেই এই অগ্নিকাণ্ড ঘটে। এর পর দ্রুত সেই আগুন ধরে যায় আশেপাশে থাকা মোবাইল একসেসরিজ ও দাহ্য পদার্থে এবং এক তলা থেকে চার তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।
রাত ১টা ২৮ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের জরুরি বার্তা পেয়েই একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২২টি ইঞ্জিন ও দুটি অ্যাম্বুল্যান্স। মধ্যরাতে বাজার বন্ধ থাকায় এবং দোকানগুলির ভেতরে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
অগ্নিশিখা এবং ঘন কালো ধোঁয়ার তীব্রতায় দমকলকর্মীদের উদ্ধারকাজ ও আগুন নেভাতে বেশ কসরত করতে হচ্ছে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় আগুন আশেপাশের অন্যান্য বহুতলে ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে পরবর্তীতে ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং ক্ষতিগ্রস্ত বহুতলটির পরিকাঠামোগত সুরক্ষাও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।
The put up Delhi Karol Bagh Fire | দিল্লির করোলবাগের গফ্ফর মার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে প্রাণপণ লড়ছে দমকল appeared first on Uttarbanga Sambad.
