ধূপগুড়ি: ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর (Elephant Loss of life) সংখ্যা বেড়ে দাঁড়াল ২। টানা কয়েক ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়েও বাঁচানো গেল না আহত মাকনা হাতিটিকে। রবিবার ভোরে ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায় ডাউন লাইনে একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতি আহত হয়। দাঁতাল হাতিটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকটি মাকনা হাতিটিকে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চিকিৎসা শুরু করলে কয়েক ঘন্টা পর মৃত্যু হয় আহত হাতিটির। হাতিটির অভ্যন্তরীণ ক্ষত থাকায় উদ্ধারের পরও তাকে বাঁচানো যায়নি।
আরও একটি জখম দাঁতাল ঘটনার পর মোরাঘাট জঙ্গলে ঢুকে গেছে। যদিও হাতিটি এদিন বসন্ত রায় নামে স্থানীয় এক বাসিন্দাকে জখম করে। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই এলাকা হাতির করিডরের মধ্যে পড়ে না। ফলে এখানে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার কোনও কথা ছিল না। তবে মনে করা হচ্ছে ভোরে কুয়াশা থাকার কারণেই হয়তো দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। পুরো বিষটি নিয়ে তদন্ত করা হচ্ছে।
