দুর্গাপুর: দুর্গাপুরের (Durgapur) হর্ষবর্ধন রোডের একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) মূর্তি জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল রবিবার। কে বা কারা মূর্তিটি স্কুল চত্বর থেকে সরিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। এই ঘটনার পরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ নেতা ও কর্মীরা জঙ্গলের মধ্যে পড়ে থাকা নেহরুর মূর্তিটি উদ্ধার করে তা পরিষ্কারও করেন।
সেই আবহেই সোমবার প্রশাসনের উদ্যোগে জওহরলাল নেহরুর মূর্তিটি ফের যথাস্থানে বসানো হয়। মূর্তি পুনঃস্থাপনের পর সেখানে আসেন বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল সহ বিজেপির (BJP) নেতা ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকেও নেহরুর মূর্তিতে মাল্যদান করা হয়।
এরপরে সেখানে উপস্থিত হন জাতীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। কংগ্রেসের পক্ষ থেকে নেহরুর মূর্তিতে দুধ দিয়ে ‘শুদ্ধিকরণ’ করে সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। যদিও মূর্তিটি সরিয়ে জঙ্গলে ফেলে দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

