Donald Trump | শান্তি ফেরানোর লক্ষ্যে ইরানের ৩ দফা প্রস্তাবে অখুশি ট্রাম্প! পারমাণবিক ইস্যুই কাঁটা?

Donald Trump | শান্তি ফেরানোর লক্ষ্যে ইরানের ৩ দফা প্রস্তাবে অখুশি ট্রাম্প! পারমাণবিক ইস্যুই কাঁটা?

ব্লগ/BLOG
Spread the love


Uploaded By: Shahini Bhadra

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে ইরানের (Iran) দেওয়া তিন দফার প্রস্তাবে (Peace Proposal) খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও, ওয়াশিংটন নিজেদের অবস্থানে অনড়। মার্কিন প্রশাসনের স্পষ্ট দাবি, আলোচনার কেন্দ্রবিন্দুতে আগে থাকতে হবে ইরানের পরমাণু কর্মসূচি (Nuclear programme)।

সম্প্রতি ওমান ও পাকিস্তানে আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি যে প্রস্তাব দিয়েছেন, তাতে মূলত তিনটি প্রধান শর্ত রাখা হয়েছে। মূলত এই সংঘাত মেটাতে একটি ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা পেশ করেছে ইরান। প্রথমত, আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চাওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এই দু’টি পর্যায় মিটমাট হওয়ার পরই পরমাণু সমৃদ্ধকরণ এবং ইউরেনিয়াম নিয়ে আলোচনায় বসার কথা তৃতীয় ও শেষ শর্তে জানিয়েছিল ইরান।

কিন্তু মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্রাম্প এই ধরনের ক্রম মানতে নারাজ। তাঁর মতে, পরমাণু ইস্যুকে পাশ কাটিয়ে কোনও দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এক সাক্ষাৎকারে সাফ বলেছেন, ‘আমরা ইরানকে ছাড় দেব না। এমন একটি চুক্তি প্রয়োজন যা নিশ্চিত করবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।’ উল্লেখ্য, ইরানকে পরমাণু শক্তি হওয়া থেকে আটকাতেই ট্রাম্প যুদ্ধকে অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছিলেন।

এই টানাপোড়েনের জেরে ইসলামাবাদে নির্ধারিত শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। ট্রাম্প তাঁর দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন। এদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সমর্থন আদায়ে রাশিয়া ও ওমানের দ্বারস্থ হয়েছেন। মস্কোতে পুতিনের সঙ্গে তাঁর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

হরমুজ প্রণালীর অচলাবস্থার জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হুহু করে বাড়ছে। প্রতিদিন যেখানে ১০০-র বেশি জাহাজ যাতায়াত করত, সেখানে এখন হাতেগোনা কয়েকটি জাহাজ দেখা যাচ্ছে। এর প্রভাবে বিশ্ব অর্থনীতি বড়সড়ো ধাক্কার মুখে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার মেঘ কাটছে না, বরং ট্রাম্পের প্রত্যাখ্যানে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *