Uploaded By: Shahini Bhadra
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনের (WB Meeting Election 2026) ঠিক মুখে উত্তপ্ত রাজনীতির ময়দান। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘কুরুচিকর’ মিমের ভিডিও (Meme video) ছড়িয়ে পড়ার ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Fee)। কোনও অভিযোগ দায়ের হওয়ার আগেই বিষয়টি কমিশনের নজরে আসায় পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, ওই ভিডিও নিয়ে তথ্য-প্রযুক্তি (IT Act) আইনে মামলা রুজু করাও হতে পারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এ ধরনের উসকানিমূলক বা কুরুচিকর প্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছে কমিশন।
আগামীকাল কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোট। এই কেন্দ্রে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর বিপরীতে লড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার চক্রবেড়িয়ায় মমতার সভার কাছেই বিজেপির মাইক প্রচার ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে বিজেপির বিরুদ্ধে অসভ্যতামির অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। এমনকি বক্তব্য না রেখেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তাঁকে নিয়ে একটি মিম ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তা নজরে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন।
নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে এবার রাজ্যে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪৮ লক্ষ ৪৬ হাজার ১৮৩ লিটার মদ উদ্ধার করা হয়েছে। ২০২১ সালের তুলনায় মাদক উদ্ধারের পরিমাণ বহুগুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ কোটি টাকায়। সুষ্ঠু ভোট করানোর লক্ষ্যে একদিকে যেমন আইন-শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে, তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে কুরুচিকর প্রচার রুখতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
