উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক দিতে হবে ভারতকে। ফের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। তিনি আগেই দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তাঁকে রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছেন।
রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ফোনে ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর কথা হয়েছে। মোদি আশ্বাস দিয়েছেন, রাশিয়ার থেকে ভারত আর তেল কিনবে না। এরপরই তাঁর হুঁশিয়ারি, ‘যদি তারা এটা করতে থাকে, তা হলে তাদের আরও শুল্ক দিতে হবে।’
ক’দিন আগেও একই দাবি করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁকে কথা দিয়েছেন রাশিয়ার তেল আমদানি বন্ধ করা হবে। যদিও ভারত স্পষ্ট জানায়, প্রধানমন্ত্রী মোদি এমন কোনো কথা মার্কিন প্রেসিডেন্টকে দেননি।
প্রসঙ্গত, শুরু থেকেই রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে আপত্তি জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। এবার তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর দাবি তুলেছেন ট্রাম্প।
