উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ। নদিয়ার কালীগঞ্জের (Kaliganj) মৃত ছাত্রী তামান্না খুনের ঘটনায় (Tamanna homicide case) আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় সাবির শেখ ও জিয়ারুল শেখকে। এনিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে।
গত বছর ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে অকালে প্রাণ হারিয়েছিল ছোট্ট তামান্না। বিচারের দাবিতে গত এক বছর ধরে হন্যে হয়ে ঘুরছেন মৃতার মা সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার বিধানসভায় তামান্না হত্যার প্রসঙ্গটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তামান্নার পরিবার অবশ্যই বিচার পাবে। রামপুরহাট থেকে কামদুনি, প্রতিটি ঘটনার মতোই সরকার এক্ষেত্রেও ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে।
জানা গিয়েছে, মঙ্গলবারই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। এত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে তাঁদের কথা শোনেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গা ঢাকা দিয়ে থাকা সাবির ও জিয়ারুলকে রাতেই গ্রেপ্তার করা হয়।
এই দ্রুত পুলিশি পদক্ষেপের পর তামান্নার মা বলেন, ‘এত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।’ মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপ এবং পুলিশি তৎপরতায় তামান্নার পরিবার এখন ন্যায়বিচারের আশায় নতুন করে বুক বাঁধছে।

