উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan battle) থামানো নিয়ে নিজের দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, এবার ট্রাম্প দাবি করলেন, এই সংঘর্ষ চলাকালীন ৮টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
বুধবার মিয়ামিতে বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আপনি জানেন, আমি ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ছিলাম। কিন্তু তারপর আমি একটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়ি যে তারা যুদ্ধের দিকে এগোচ্ছে। সাতটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং অষ্টমটি সত্যিই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল… মূলত আটটি বিমানই গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’
এরপরই ট্রাম্প আরও বলেন, ‘আমি সাফ জানিয়ে দিই আপনারা (ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান) পারমাণবিক শক্তিধর দেশ । তাই আপনারা শান্তি ফেরাতে সম্মত না হলে আমি আপনাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না।’ আর তারপরই নাকি ২৪ ঘণ্টার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে নতুন করে এখনও মুখ খোলেনি ভারত বা পাকিস্তান। যদিও ভারত প্রথম থেকেই ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ করেছে।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ৬০ বারেরও বেশি করেছেন ট্রাম্প। এমনকি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও একাধিকবার করেছেন তিনি। যদিও যুদ্ধবিমানগুলি কোন দেশের তা নির্দিষ্ট করেননি। প্রথমে, ট্রাম্প দাবি করেছিলেন যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। কয়েক মাস পরে, সংখ্যাটি সংশোধন করে তিনি সাতটিতে নিয়ে আসেন। আর এবার দাবি করলেন আটটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল।
