উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৯ নাবালকের উপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওডিশার ময়ূরভঞ্জ জেলার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রের খবর, এই সপ্তাহের শুরুতে ময়ূরভঞ্জ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের ভঞ্জভূমি সংস্কৃত বিদ্যালয়ে নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়েছিলেন ব্লকের সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত সেনাপতি। অভিযোগ, সেদিন তিনি স্কুল হস্টেলের ৯ নাবালককে জিজ্ঞাসাবাদের অজুহাতে একে একে নির্মীয়মাণ টয়লেট ব্লকে ডেকে পাঠান। সেখানে তাদের উপর যৌন নির্যাতন চালান ওই ইঞ্জিনিয়ার। ঘটনার কথা কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন। নির্যাতিতরা বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এরপর স্কুলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর প্রশান্তকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেয়।
