দিনহাটা: রাজ্যে সরকার বদল হতেই দিনহাটা পুরসভার (Dinhata Municipality) ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ কাণ্ডে (Faux constructing plan rip-off) প্রথম গ্রেপ্তারি দিনহাটা থানার পুলিশের। শনিবার গ্রেপ্তার হয়েছেন দিনহাটা পুরসভার কর্মী তথা তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য (TMC chief arrested)। এখানেই শেষ নয়, এই দুর্নীতির শিকড় খুঁজতে এদিন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশংকর মাহেশ্বরীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন বিকেলে পুরসভা থেকে বাড়ি যাওয়ার সময় মেইনরোডে উঠতেই মৌমিতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গৌরিশংকরের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালায়। প্রায় ঘণ্টা খানেক তল্লাশি চালানো হলেও প্রাক্তন চেয়ারম্যানের দেখা মেলেনি। পুলিশের অনুমান, বেগতিক বুঝে আগেই গা-ঢাকা দিয়েছেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর দুই মেয়েকে দিনহাটা থানায় নিয়ে আসে পুলিশ।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) প্রশান্ত দেবনাথ বলেন, ‘ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ কাণ্ডে মৌমিতা ভট্টাচার্য নামে এক পুরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও অভিযান চালানো হয়েছে, তবে তাঁকে পাওয়া যায়নি।’ তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু এখনই বলা সম্ভব নয় বলেই জানান তিনি।
এপ্রসঙ্গে, দিনহাটার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, ‘আগে পুলিশ পূর্বতন সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বর্তমান সরকার পুলিশকে মুক্ত হাতে দায়িত্ব পালন করতে বলেছে। তারই ফল স্বরূপ এই গ্রেপ্তারি। আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আগামীতে তাঁদের সকলকেই গ্রেপ্তার করা হবে। কেউ ছাড় পাবে না। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।’
উল্লেখ্য, এই ভুয়ো বিল্ডিং প্ল্যান দুর্নীতি নিয়ে এর আগেও পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু অজ্ঞাত কারণে মাঝপথেই সেই তদন্তের গতি থমকে যায়। এমনকি নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা না পড়ায় জামিন পেয়ে গিয়েছিলেন অভিযুক্ত তিন পুরকর্মী, যা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলি। তবে রাজনৈতিক পালাবদলের ১২ দিনের মাথায় থিতিয়ে পড়া ফাইল পুনরায় খোলায় এবং পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করায় খুশি দিনহাটার সাধারণ মানুষ।
