উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়া থেকে বলিউড— এই মুহূর্তে নেটপাড়ার সবচেয়ে বড় হট টপিক অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) আকস্মিক বিবাহবিচ্ছেদের ঘোষণা। তবে তাঁদের এই চার হাত এক হওয়ার গল্পটা যে এতটা দ্রুত বিচ্ছেদের দিকে এগোবে, তা হয়তো অনুরাগীরা ভাবতেও পারেননি। এর মাঝেই গুঞ্জন রটেছে, সূরজ নাকি প্রথম থেকেই মৌনীকে বিয়ে করতে চাননি। কিন্তু এই হাইপ্রোফাইল বিচ্ছেদের আগুনে ঘি ঢেলেছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট, যেখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মৌনীর প্রিয় বান্ধবী তথা অভিনেত্রী দিশা পটানীকে (Disha Patani)।
সম্প্রতি ফেসবুকে ও ইনস্টাগ্রামে একটি ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, ইস্কন মন্দিরের মেঝেতে পাশাপাশি বসে আছেন মৌনী ও দিশা। নেটিজেনদের একাংশের দাবি, সেই ছবির ক্যাপশনে নাকি মৌনী দিশাকে নিয়ে পোষ্ট করে লিখেছেন, “জীবনের একটা অধ্যায় শেষ। আমি আমার সারাজীবনের মতো সঙ্গিনীকে পেলাম। এবার আমাদের ভালবাসা পূর্ণতা পাবে। এবার সারাজীবনের মতো একসঙ্গে থাকা শুরু করব।”
এই পোস্টটি সামনে আসতেই হইচই পড়ে যায় বলিপাড়ায়। নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন, তবে কি দিশার সঙ্গে ‘বিশেষ’ সম্পর্কের কারণেই মৌনী-সূরজের সংসার ভাঙল? অনেকেই এই দুই অভিনেত্রীর বন্ধুত্বকে ‘অস্বাভাবিক গভীর’ বলে কটাক্ষ করতে ছাড়েননি।
অনুসন্ধানে জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো এবং মনগড়া। ছবিটির সাথে জুড়ে দেওয়া ক্যাপশনটি একেবারেই বিকৃত। আসলে এই ছবিটি সাম্প্রতিক নয়, এটি ২০২৫ সালের জুন মাসের ছবি, যা দিশা পটানীর জন্মদিনের সময় তোলা হয়েছিল। দুই বান্ধবীর ইস্কন মন্দির দর্শনের সেই পুরনো ছবিকে হাতিয়ার করেই তৈরি করা হয়েছে এই ভুয়ো থিওরি। মাঝখানে অবশ্য পাঞ্জাবি গায়ক তলবিন্দরের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, ট্রোলাররা দিশাকে এই বিচ্ছেদের জন্য দায়ী করতে ছাড়ছেন না।
এই সমস্ত নোংরা ট্রোলিং এবং বিভ্রান্তিকর খবরের মাঝেই মুখ খুলেছেন খোদ মৌনী রায়। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে মৌনী তাঁদের কঠিন সময়ে সকলের কাছে কিছুটা গোপনীয়তা (Privateness) ‘ভিক্ষা’ করেছেন। মৌনী স্পষ্ট জানান, এই মুহূর্তে তাঁরা দুজনেই নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়ার লড়াই চালাচ্ছেন। তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন কোনো রকম ভিত্তিহীন ও মনগড়া গুজব ছড়ানো না হয়।
