উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন দুনিয়া। এবার টার্গেট জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। মঙ্গলবার রাতে দিলজিতের ম্যানেজার গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা (Firing Case)। বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang) ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গায়কের অনুরাগী মহলে।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে কানাডার ক্যালগারিতে দিলজিতের একটি কনসার্টে। সেখানে অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনের একাংশ থেকে খলিস্তানি স্লোগান ও পতাকা ওড়ানো শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি ‘পাঞ্জাব দি পুত্তর’-এর। সঙ্গে সঙ্গে গান থামিয়ে কড়া প্রতিবাদ জানান দিলজিৎ। তিনি আয়োজকদের নির্দেশ দেন, যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পরে দেশে ফিরেও তিনি স্পষ্ট বার্তায় জানান, অনুরাগীদের হেনস্তা কোনোভাবেই সহ্য করবেন না।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিলজিতের ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটল। কর্নাল পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। টাইসন বিষ্ণোই, আরজু বিষ্ণোই ও হ্যারি বক্সাদের মতো গ্যাংয়ের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এটি দিলজিতের জন্য তৃতীয় সতর্কবার্তা। দাবি পূরণ না হলে গায়ককে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে আরও জানানো হয়েছে যে, অস্ট্রিয়া থেকে আনা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়েই এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর রোষানলে পড়েছিলেন দিলজিৎ (Khalistan Protest)। এবার খলিস্তানি ও বিষ্ণোই গ্যাং—উভয় দিক থেকেই আসা এই লাগাতার হুমকিতে গায়কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
