উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Dev-Subhashree) অনস্ক্রিন কেমিস্ট্রি যে আজও দর্শকের মনে সমানভাবে জাদুকরী প্রভাব ফেলে, তার প্রমাণ মিলল সুদূর প্রবাসের মাটিতে। জাপানের (Japan) রাজধানী টোকিওতে (Tokyo) এক বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের কণ্ঠে ও নাচে মেতে উঠল দেব-শুভশ্রী জুটির এককালের ‘অল টাইম হিট’ ছবির বিখ্যাত গান ‘মালা রে’ । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফ্যানপেজের ভিডিওতে দেখা গিয়েছে, একদল প্রবাসী বাঙালি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত হয়ে এই জনপ্রিয় গানে মঞ্চ মাতাচ্ছেন। ছ’জন নারীর সঙ্গে এক পুরুষ কুর্তা-পায়জামা ও বাঙালি কায়দায় গলায় ওড়না জড়িয়ে দারুণ ছন্দে নাচছেন, যা দেখে মুগ্ধ দর্শকাসনের অনেকেই মুঠোফোনে সেই মুহূর্ত ফ্রেমবন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও তাঁরা গানটির মূল বা সিগনেচর স্টেপগুলো হুবহু অনুসরণ করেননি, তবুও ভিনদেশের মাটিতে এমন জমজমাট দেশি আমেজ ও বাঙালি সংস্কৃতির জয়রথ সকলের নজর কেড়েছে।
খাস কলকাতা থেকে শুরু করে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে দেব ও শুভশ্রীর এই জুটির উন্মাদনা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া হোক কিংবা জেন জি প্রজন্মের ক্রাশ— সব বয়সের মানুষের কাছেই এই জুটি এক অন্য আবেগ। দীর্ঘ বারো বছর বাদে পর্দায় তাঁদের এই কামব্যাক এবং আসন্ন ছবি ‘দেশু ৭’ (DeSu7) ঘিরে ভক্তদের উন্মাদনা এখন চরমে। প্রচারের আলো থেকে শুরু করে লাদাখের রাস্তা কিংবা ‘দাদাগিরি’র সেট— যেখানেই ‘দেশু’ জুটি পা রাখছেন, সেখানেই ‘মালা রে’-এর সিগনেচর স্টেপের ম্যাজিক ফিরে আসছে অবধারিতভাবে। এই ছবির প্রচারের ব্যস্ততার মাঝেই ২৯ সেপ্টেম্বর প্রথম ত্রিপুরা ট্যুরে যাওয়ার ঠিক আগে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরীতে (Puri) পৌঁছে যান দেব। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও আপ্তসহায়ক। এর আগেও নিজের কোনো বড় ছবি মুক্তির আগে মন্দিরে পুজো দেওয়ার প্রথা বজায় রেখেছেন এই তারকা সাংসদ-অভিনেতা। ভক্তদের বিপুল প্রত্যাশার পারদ চড়েই রয়েছে, আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এবার নতুন এই যাত্রার সূচনা করতে চলেছেন দেব।
The submit Dev-Subhashree | ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানের মাটিতে ঝড় তুলল ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও appeared first on Uttarbanga Sambad.
