উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ বারো বছরের ব্যবধান কাটিয়ে পর্দায় ফিরছে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। অনুরাগীদের বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’ (DeSu7 Stay) ছবির ঘোষণা এবং সম্প্রতি তাঁদের একটি যৌথ লাইভ সম্প্রচারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে তুমুল চর্চা। দীর্ঘদিন পর পাশাপাশি বসে লাইভে এসে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ, অতীতের নানা স্মৃতি এবং শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনায় মেতেছিলেন এই দুই তারকা। যা মুহূর্তের মধ্যে ভক্তদের উন্মাদনাকে দ্বিগুণ করে দিয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমবার লাইভে এসে ‘দেশু ৭’ ছবির ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী। বিগত দিনে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ ছবির সাফল্যের পরই দেবের মনে হয়েছিল, এই জুটিকে দর্শক যেভাবে ভালোবাসেন, তাকে সম্মান জানাতেই তাঁদের ফের একসঙ্গে পর্দায় আনা উচিত। সেই ভাবনা থেকেই সোজা শুভশ্রীকে ফোন করেছিলেন দেব। এমনকি শুভশ্রীর বিয়ের দিনও যে তাঁদের কথা হয়েছিল, সে কথাও এদিনের লাইভে উঠে আসে। সোমবারের এই লাইভ নিয়ে দুই তারকার মধ্যেই চরম উত্তেজনা ছিল, যা তাঁদের কথায় স্পষ্ট বোঝা গিয়েছে। দেবের কাজের প্রতি একনিষ্ঠতাকে সাধুবাদ জানিয়ে শুভশ্রী জানান যে তিনি সবসময় দেবের ছবির খবর রাখতেন এবং তাঁকে পরিচালকের আসনে দেখতে চাইতেন।
কথোপকথনের মাঝেই সঞ্চালক অরিত্র দত্ত বণিকের সঞ্চালনায় একটি দ্রুত প্রশ্ন-উত্তর বা র্যাপিড ফায়ার পর্ব রাখা হয়। যেখানে বারো বছর পর রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁরা অস্বস্তিতে পড়েছিলেন কি না, সেই প্রশ্ন করা হয়। দুজনেই স্বীকার করেন যে প্রথমে কিছুটা অস্বস্তি হলেও পেশাদারিত্বের খাতিরে তাঁরা তা কাটিয়ে উঠেছেন। তবে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে যখন দেব অতীতের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন যে, বর্তমানের এই পরিণত মনস্কতা বা ম্যাচিওরিটি যদি সেই সময় তাঁদের থাকত, তবে হয়তো তাঁদের পথ আলাদা হতো না। দেবের এই মন্তব্যের পর পরিস্থিতি কিছুটা অন্যরকম মোড় নিলে, সঙ্গে সঙ্গে সামলে নিয়ে হাসিমুখে হালকা মেজাজে তা এড়িয়ে যান শুভশ্রী।
ছবির বাজেট ও শুটিং লোকেশন নিয়েও এদিন আলোচনা হয়। লাদাখে শুটিংয়ের বিশাল খরচের কথা মাথায় রেখে ব্যাংককের কথা ভাবা হলেও, দর্শকদের ঠকাতে চাননি বলেই দেব শেষ পর্যন্ত লাদাখকেই বেছে নেন। শুটিংয়ে কোনো পূর্ব ওয়ার্কশপ না হলেও পরিচালক দেবের নির্দেশ কতটা নিখুঁতভাবে মেনে কাজ করেছেন, সে কথাও তুলে ধরেন শুভশ্রী। সবমিলিয়ে, অতীতে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেব-শুভশ্রীর এই মধুর রসায়ন এবং প্রফেশনাল কামব্যাক এখন টলিউডের (Tollywood) সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

