Delhi | দিল্লিতে ইভি বিপ্লব! ৩০ লাখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়িতে কর ছাড়, বড় ঘোষণা সরকারের

Delhi | দিল্লিতে ইভি বিপ্লব! ৩০ লাখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়িতে কর ছাড়, বড় ঘোষণা সরকারের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দূষণমুক্ত রাজধানী গড়ার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল দিল্লি (Delhi) সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত নতুন ‘ইলেকট্রিক ভেহিকেল (EV) পলিসি ২০২৬’-এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের জন্য একগুচ্ছ ছাড়ের ঘোষণা করা হল। ১ জুলাই থেকে কার্যকর হতে চলা এই নতুন নীতি ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

নতুন নীতি অনুযায়ী, ৩০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বৈদ্যুতিক গাড়ি (EV) কেনার ক্ষেত্রে এখন থেকে আর কোনও রোড ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শুধুমাত্র জিরো-এমিসন বা শূন্য-নির্গমনকারী যানবাহনগুলোকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কোনো ভর্তুকি মিলবে না বলে স্পষ্ট করে দিয়েছেন আধিকারিকরা।

গাড়ি কেনার ওপর সরাসরি আর্থিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা:

  • ইলেকট্রিক টু-হুইলার: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ৩০,০০০, ২০,০০০ ও ১০,০০০ টাকা ভর্তুকি।
  • ইলেকট্রিক থ্রি-হুইলার: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ৫০,০০০, ৪০,০০০ ও ৩০,০০০ টাকা ভর্তুকি।
  • ইলেকট্রিক ট্রাক: N1-ক্যাটাগরির ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ে উৎসাহভাতা।
  • স্ক্র‍্যাপিং সুবিধা: বিএস-ফোর (BS-IV) বা তার পুরোনো গাড়ি স্ক্র‍্যাপ করে নতুন ইভি কিনলে মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত স্ক্র‍্যাপিং ইনসেনটিভ।

দিল্লিকে দূষণমুক্ত করতে ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানির গাড়ি কমানোর লক্ষ্য নিয়েছে সরকার:

১. ১ জানুয়ারি, ২০২৭ থেকে: দিল্লিতে কেবল ইলেকট্রিক অটো-রিকশাই রেজিস্টার্ড হবে।

২. ১ এপ্রিল, ২০২৮ থেকে: নতুন পেট্রোল ও সিএনজি চালিত দু’চাকার গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে। এরপর শুধুমাত্র ইলেকট্রিক টু-হুইলারের রেজিস্ট্রেশনই সম্পন্ন হবে।

এই নীতিটি এখন অনুমোদনের জন্য লেফটেন্যান্ট গভর্নর তারণজিৎ সিং সান্ধুর কাছে পাঠানো হয়েছে। শীতকালীন দূষণ মোকাবিলায় দিল্লির এই নতুন ইভি নীতি দেশের অন্যান্য মেট্রো শহরগুলোর জন্যও মডেল হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *