Delhi | নব্বইয়ের দশক থেকে অপরাধ জগতের রানি! অবশেষে পুলিশের জালে দিল্লির ‘লেডি ডন’ পার্বতী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে যার একচ্ছত্র আধিপত্য—সেই কুখ্যাত ‘লেডি ডন’ পার্বতী শেষ পর্যন্ত ধরা পড়লেন দিল্লি (Delhi) পুলিশের জালে। দীর্ঘ লুকোচুরির পর শুক্রবার এক রুদ্ধশ্বাস অভিযানে পার্বতী এবং তাঁর এক সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের গাড়ি, নগদ টাকা এবং নিষিদ্ধ মাদক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কুখ্যাত চক্রের নাগাল পাওয়া অত সহজ ছিল না। গত ২১ সেপ্টেম্বর দিল্লির এক যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও কার্যকলাপের ওপর নজরদারি শুরু করে পুলিশ (Police)। সন্দেহ হওয়ায় ওই যুবকের গোপন ঠিকানায় হানা দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১০ গ্রাম মাদক উদ্ধার করা হয়। জেরার মুখে ওই যুবকই অপরাধ জগতের ‘রানি’ পার্বতীর (Parvati) গোপন আস্তানার খোঁজ ফাঁস করে দেন। আর সেখান থেকেই তদন্তকারীদের হাতে এল সোনালী সাফল্য।

তদন্তকারীরা জানাচ্ছেন, অপরাধ জগতের মাকড়সার জাল বহুদূর ছড়িয়েছিল পার্বতীর। ১৯৯০ সাল থেকে অপরাধের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথমে দিল্লির কোতওয়ালি এলাকা, এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিল্লি এবং পরবর্তীতে রাজধানীর সীমানা ছাড়িয়ে ভিন রাজ্য পর্যন্ত মাদক পাচারের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন এই মহিলা। বিভিন্ন বাহকের মাধ্যমে বাইরে থেকে মাদক আনিয়ে তা গোপন আস্তানায় মজুত করতেন এবং সময়মতো দিল্লি ও সংলগ্ন এলাকায় তা সাপ্লাই করতেন।

মাদক চোরাচালান ছাড়াও তোলাবাজি, ব্যবসায়ীকে হুমকি দেওয়া, অপহরণের মতো একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে পার্বতীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজে একাধিক দল নিয়ে তল্লাশি চালাচ্ছিল দিল্লি পুলিশ। অবশেষে সেই কুখ্যাত সাম্রাজ্যের পতন ঘটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *