Nandigram bypoll | জন্মের আগেই মাধ্যমিক! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে বিতর্ক, রায়দান স্থগিত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—উভয় কেন্দ্রেই জয়লাভ করার পর নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই শূন্য আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন (Nandigram bypoll) অনুষ্ঠিত হতে চলেছে। এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ (BJP candidate)। তবে তাঁর নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য নিয়ে তীব্র আইনি জটিলতা তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্রে বয়সের হিসাব এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল রয়েছে।

কংগ্রেসের তথ্য অনুযায়ী, হলফনামায় হাসিরানি রথের (Hasirani Rath) জন্মসাল ১৯৬৬ বলে উল্লেখ করা হয়েছে, অথচ তাঁর শিক্ষাগত যোগ্যতার জায়গায় বলা হয়েছে যে তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। জন্মসাল এবং শিক্ষাগত বর্ষের এই অসংগতি সামনে আসার পরেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করা হয়। বিরোধীদের দাবি, জন্ম সালের তুলনায় এক বছর আগে মাধ্যমিক পাশ করা অসম্ভব হওয়ায় প্রার্থী হয় তাঁর বয়সের ভুল তথ্য দিয়েছেন, নতুবা সার্টিফিকেটের তথ্যে গড়মিল রয়েছে। এই অসঙ্গতির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে কংগ্রেস।

শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চে এই মামলার দীর্ঘ ও চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। সমস্ত পক্ষের আইনি যুক্তি শোনার পর আদালত রায়দান আপাতত স্থগিত রেখেছে। শুনানিপর্বে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয় যে, মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে কোনও আপত্তি জানানো হয়নি, ফলে এই অভিযোগের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, হাসিরানির পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী জয়দীপ কর দাবি করেন যে, হলফনামায় কোনও অসৎ উদ্দেশ্যে বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশন করা হয়নি। তাই পুরো বিষয়টি বিবেচনা করে প্রার্থীকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত। এখন কলকাতা হাই কোর্ট এই মামলায় কী রায় দেয় এবং হাসিরানির প্রার্থীপদ বহাল থাকে কি না, সেটাই দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *