কোচবিহার: নির্বাচনের আবহে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার জেরে শেষ পর্যন্ত গ্রেপ্তার (Cooch Behar TMC councillor arrest) হলেন কোচবিহার (Cooch Behar) পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তর। বৃহস্পতিবার বিকেলে কোচবিহার শহরের এসপি ইউনিট এলাকায় অবস্থিত তাঁর বাড়ি থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ঠিক আগের দিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর (Rathindranath Bose) এলাকায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। সূত্রের খবর, ওইদিন রথীন্দ্র বসু ২ নম্বর ওয়ার্ডে তাঁর দলের এক অসুস্থ কর্মীকে দেখতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তর দাবি করেন, ভোটের আগের দিন বিজেপি প্রার্থী এলাকায় এসে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করছেন। এই অভিযোগ তুলে রথীন্দ্র বসুকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কার্যত তাড়া করে এলাকা থেকে তাঁকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।
সেই রাতেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন রথীন্দ্র বসু। গতকাল রথীন্দ্র বসু তাঁদের যে কর্মীকে দেখতে গিয়েছিলেন, ঝুমা বিশ্বাস নামে সেই মহিলা এসে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। সেই মামলাতেই উজ্জ্বল তর-কে এদিন গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উজ্জ্বল তরের পরিবারের অভিযোগ, পুলিশ কোনো পূর্বসতর্কতা ছাড়াই জোর করে বাড়ির ভেতর ঢুকে তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের পরবর্তী সময়ে এই গ্রেপ্তারির ঘটনা কোচবিহারের রাজনৈতিক সমীকরণে নতুন কোনো অস্থিরতার জন্ম দেয় কি না, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।
