কোচবিহার: পুলিশের চোখে ধুলো দিতে অভিনব কায়দা। মোটরবাইকে ‘আইনজীবী’-র স্টিকার লাগিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক তরুণ! ক্রেতা সেজে অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে (Drug Peddler) হাতেনাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম নুর মহম্মদ। সে কোচবিহার (Cooch Behar) শহর লাগোয়া দর্জিপাড়ার বাসিন্দা। উদ্ধার হয়েছে প্রায় ১৯ গ্রাম ব্রাউন সুগার ও একটি দামি আইফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে চোরাপথে ব্রাউন সুগার কোচবিহারে পাচার করা হতো। এরপর সেই মাদক ছোট ছোট প্যাকেটে বা পুরিয়া তৈরি করে ৩০০ ও ৫০০ টাকা দামে বিক্রি করা হতো খদ্দেরদের কাছে। রবিবার কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন সুনীতি রোড এলাকায় মাদক ডেলিভারি দিতে এসেছিল নুর মহম্মদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ (Police) ক্রেতা সেজে সেখানে হানা দেয় এবং হাতেনাতে পাকড়াও করে ওই তরুণকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৭টি ব্রাউন সুগারের পুরিয়া উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ১৯ গ্রাম। এছাড়া একটি আইফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তকারীদের সবচেয়ে বেশি অবাক করেছে ধৃতের বাইকের কারসাজি। পুলিশের সন্দেহ এড়াতে সে তার মোটরবাইকে একটি ‘আইনজীবী’-র স্টিকার লাগানো ছিল। পুলিশকে এড়ানোর এই ফন্দি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ধৃতের দাবি, বাইকটি তার এক পরিচিত আইনজীবীর। ওই আইনজীবী জেলার বাইরে যাওয়ার সুবাদে বাইকটি তাকে ব্যবহার করতে দিয়ে গিয়েছিলেন। সেই বাইক নিয়েই সে ডেলিভারি দিতে বেরিয়েছিল বলে দাবি করেছে সে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে গভীর তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। পূর্বে সে একটি যানবাহনের মেকানিক হিসেবে কাজ করলেও অল্প সময়ে অধিক লাভের লোভে এই অন্ধকার জগতে পা বাড়ায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
The publish Cooch Behar | পুলিশের চোখ এড়াতে বাইকে লাগানো ছিল ‘আইনজীবী’-র স্টিকার! কোচবিহারে গ্রেপ্তার মাদক পাচারকারী appeared first on Uttarbanga Sambad.
