হেমতাবাদ: সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচার ও নারী পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হেমতাবাদ (Hemtabad) থানার পুলিশ। রবিবার ভোররাতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকেই তাকে পাকড়াও করা হয়। ধৃতের নাম ভারীউদ্দিন আলী ওরফে ভাকা। বাড়ি হেমতাবাদ থানার চৌনগর গ্রাম পঞ্চায়েতের মাটিয়া ডোপ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ অগাস্ট সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিএসএফের (BSF) পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক ছিল ওই দুষ্কৃতী। ঘটনার পর সে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয় এবং প্রায় ১০ দিন ধরে ওপারেই আত্মগোপন করে ছিল।
গত রাতে কূলিক নদী সাঁতরে সে ফের ভারতে প্রবেশ করে এবং নিজ বাড়িতে লুকিয়ে পড়ে। এদিকে, এই খবর ভিলেজ পুলিশের মারফত পৌঁছয় হেমতাবাদ থানার পুলিশের কাছে। এরপরই বিএসএফ ও পুলিশের যৌথ দল ওই এলাকায় হানা দিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও আদালত সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে গরু ও নারী পাচার ছাড়াও মাদক চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগে হেমতাবাদ থানাতেই মোট ১০টি মামলা রয়েছে। এ দিন ধৃতকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। মামলার সরকারি আইনজীবী অতনু দাস জানান, বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

