কোচবিহার: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মুখের হাসি চওড়া হল রাসমেলা মাঠ সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের। বছরের অন্যদিন হাতেগোনা দুই-একটি ফাস্ট ফুডের দোকান দেখা যায়। মঙ্গলবার চিত্রটা ছিল অন্যরকম। জনসভাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক উত্তাপ নয়, মাঠ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে রকমারি খাবারের ঘ্রাণও। স্টেডিয়াম সংলগ্ন ফুটপাথ ঘেঁষে বসে একের পর এক নতুন নতুন খাবারের স্টল। সেখানে তেলেভাজা, ফুচকা, রুটি-সবজি, শসা, খিচুড়ি এবং ভেলপুরির স্টল বসে। ভালো বেচাকেনায় বিক্রেতারা খুশি। ভালো ব্যবসা হয়েছে শীতবস্ত্র বিক্রেতাদেরও। কয়েক ঘণ্টার ব্যবসায় হাতেনাতে ফল পান তাঁরা। ভেলপুরি বিক্রেতা সুজনচন্দ্র দে অন্যদিন জেনকিন্স স্কুল সংলগ্ন এলাকায় দোকান দিলেও এদিন দেশবন্ধু মার্কেটের সামনে চলে আসেন। তিনি বললেন, ‘অন্যদিন হাজারখানেক টাকার ব্যবসা হলেও এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার হাজার টাকার ব্যবসা হয়েছে।’ একই অভিজ্ঞতা চা বিক্রেতা পূর্ণিমা রায় দাসের মতো অনেকেরই।
