Mathabhanga | দু’বারের কংগ্রেস বিধায়কের নামে রাস্তা

Mathabhanga | দু’বারের কংগ্রেস বিধায়কের নামে রাস্তা

শিক্ষা
Spread the love


মাথাভাঙ্গা: মাথাভাঙ্গার ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। প্রয়াত কংগ্রেস বিধায়ক ও শিক্ষাবিদ সারদাপ্রসাদ প্রামাণিকের নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে মাথাভাঙ্গা পুরসভা। স্বাধীনোত্তর বাংলার রাজনীতিতে সততা, নীতিবোধ ও মানবিকতার পরিচয় রেখে গিয়েছিলেন এই মানুষটি।

৬ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায় তাঁর বাড়ির সামনের রাস্তার নাম সারদাপ্রসাদ সরণি করার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। পুরসভার বোর্ড মিটিংয়ে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। পুর চেয়ারম্যান প্রবীর সরকার বলেন, ১ জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ হবে। বিচ্ছিন্ন নয়, শহরের সম্মানিত মানুষদের স্মরণে আরও কয়েকটি রাস্তার নামকরণের প্রস্তাবও বিবেচনাধীন।

১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পরপর দু’দফায় মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন সারদাপ্রসাদ প্রামাণিক। পেশায় শিক্ষক, সমাজসেবায় নিবেদিতপ্রাণ সারদাপ্রসাদ প্রামাণিক শহরের মানুষের কাছে এক উজ্জ্বল প্রতীক।

এই উদ্যোগ সামনে এনেছে শহরের আরেক বাস্তব সমস্যা, বহু রাস্তায় এখনও সাইনবোর্ড নেই। ইমিগ্রেশন রোড, এয়ারস্ট্রিপ রোড, ব্রজনাথ রোড কিংবা সিলভার জুবিলি রোড- নাম থাকলেও বোর্ড নেই। ফলে পথচারী, যাত্রী, এমনকি ডেলিভারি কর্মীদেরও ঠিকানা খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয়। অন্য শহর থেকে কেউ এলে সমস্যায় পড়েন। পুর চেয়ারম্যানের মতে, শিলিগুড়ি বা কোচবিহারের মতো শহরে রাস্তার সুস্পষ্ট নামফলক থাকায় অনেক সুবিধা হয়। মাথাভাঙ্গাতেও একই ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য।

আমলাপাড়ার বাসিন্দা কবি সন্তোষ সিংহ বলেন, যাঁরা শহরের ভিত্তি মজবুত করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই উচিত। সারদাপ্রসাদ প্রামাণিকের নামে রাস্তার নামকরণ দারুণ উদ্যোগ। শহরের প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব স্বপন সরকার মনে করেন, তিনি যে মাপের মানুষ ছিলেন, তাঁর নামে আরও বড় রাস্তা হলে ভালো লাগত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *