Cooch Behar | কোচবিহার রাসমেলা ২০২৬: প্রস্তুতি শুরু জেলা প্রশাসনের, বৈঠকে উপস্থিত মন্ত্রী নিশীথ প্রামাণিক

শিক্ষা
Spread the love


কোচবিহার: ঐতিহ্যবাহী কোচবিহার (Cooch Behar) রাসমেলাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন। মেলার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে শনিবার কোচবিহার জেলাশাসক দপ্তরে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, জেলাশাসক জিতিন যাদব, পুলিশ সুপার মনীষ জোশি-সহ জেলার একাধিক বিধায়ক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ মেলা হল কোচবিহারের রাসমেলা (Pageant)। প্রতিবছর রাসপূর্ণিমার দিন থেকে শুরু হয়ে টানা ১৫ দিন ধরে চলে এই মেলা। কোচবিহার, উত্তরবঙ্গ, নিম্ন অসম-সহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু ব্যবসায়ী এই মেলায় এসে নিজেদের পসরা সাজিয়ে বসেন। কয়েক হাজার দোকানের পাশাপাশি প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় রাসমেলায়। মেলায় দোকানপাটের পাশাপাশি থাকে নাগরদোলা, সার্কাস-সহ বিভিন্ন বিনোদনের আয়োজন।

স্বাভাবিকভাবেই এত বিপুল সংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেই কথা মাথায় রেখেই এদিনের বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, মেলায় আগত ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, রাসমেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এবারের রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীকে কোচবিহার রাজবাড়ি সংলগ্ন এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মদনমোহন বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *