গঙ্গারামপুর: বিদ্যালয়ের গা ঘেঁষে মন্দির নির্মাণের জন্য গভীর গর্ত খুঁড়তেই বিপত্তি! নির্মীয়মাণ মন্দিরের জেরে এবার বিপদের মুখে পড়ল গঙ্গারামপুরের এক প্রাচীন সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাটি খোঁড়াখুঁড়ির প্রভাবে স্কুল ভবনের দেওয়ালে ও মেঝেতে বড়সড় ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ (College Constructing Crack)। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় স্কুল ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা।
ঘটনাটি গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস সংলগ্ন গঙ্গারামপুর জিএসএফপি (GSFP) নং-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে বর্তমানে ৮২ জন পড়ুয়া রয়েছে। অভিযোগ, স্কুল ভবনের দক্ষিণ দিকের দেওয়াল থেকে মাত্র দুই-আড়াই ফুট দূরত্বে মন্দির নির্মাণের জন্য জেসিবি দিয়ে গভীর মাটি খোঁড়া হয়। এর ফলে পার্শ্ববর্তী স্কুল ভবনের ভিত নড়বড়ে হয়ে যায় এবং মেঝেতে ফাটল দেখা দেয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই ফাটল আরও চওড়া হওয়ায় আতঙ্ক বেড়েছে।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গঙ্গারামপুর পৌরসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। বুধবার গঙ্গারামপুর সদর চক্রের স্কুল পরিদর্শক (S.I.) এনামুল শেখ বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। তিনি পরিস্থিতির গুরুত্ব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিদ্যালয়ের কোনো ক্ষতি করা তাঁদের উদ্দেশ্য নয়। দু-এক দিনের মধ্যেই প্রযুক্তিগতভাবে সমস্যার সমাধান করে স্কুলের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
