Bhabanipur Election 2026 | নিজের বুথেই হারবেন মমতা! ভবানিপুরে ২০ হাজার মার্জিনে জয়ের দাবি শুভেন্দুর

 Bhabanipur Election 2026 | নিজের বুথেই হারবেন মমতা! ভবানিপুরে ২০ হাজার মার্জিনে জয়ের দাবি শুভেন্দুর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হাইভোল্টেজ ড্রামা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে যবনিকা পড়ল ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার। তবে বুধবার সবটুকু আলো কেড়ে নিল ভবানীপুর কেন্দ্র (Bhabanipur Election 2026)। ভোট মিটতেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী দাবি করলেন, নিজের খাসতালুক ভবানীপুরেই হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির বুথ অর্থাৎ ‘মিত্র ইনস্টিটিউশন’-এও পদ্ম ফুটবে বলে চড়া সুর বেঁধেছেন তিনি।

সকালেই সংবাদমাধ্যমকে শুভেন্দু জানিয়েছিলেন, সন্ধ্যায় মার্জিন বলবেন। ভোট শেষের পর শুভেন্দু অধিকারীর দাবি, ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৭টিতেই বিজেপির লিড নিশ্চিত। তিনি এও বলেন, “মিত্র ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ ভোটে হারবেন। অন্তত ৭টি ওয়ার্ড মিলিয়ে আমার ৩০ হাজারের বেশি লিড থাকবে। কেবল ৭৭ নম্বর ওয়ার্ডে সামান্য এগিয়ে থাকতে পারে তৃণমূল।” তাঁর চূড়ান্ত হিসেব অনুযায়ী, অন্তত ২০ হাজার ভোটের ব্যবধানে ভবানীপুরে জয়ের মালা পরতে চলেছে বিজেপি।

শুভেন্দুর মতে, এবারের ভবানীপুরে ৯০ শতাংশের বেশি ভোটদান ঐতিহাসিক এবং এটি আদতে পরিবর্তনের পক্ষে রায়। তৃণমূলের বিরুদ্ধে প্রায় ২ হাজার ‘ছাপ্পা’ ভোটের পরিকল্পনার অভিযোগ এনে তিনি দাবি করেন, সক্রিয় থেকে তিনি তা রুখে দিয়েছেন। ২৬৭টি বুথের প্রতিটিতেই ইভিএম সিল হওয়া পর্যন্ত বিজেপি এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করার কৃতিত্বও নিয়েছেন তিনি। ভোটের ব্যবচ্ছেদ করতে গিয়ে শুভেন্দু জানান, এলাকার ৮৫ শতাংশ হিন্দু এবং ৯৫ শতাংশের বেশি অবাঙালি ভোটার বিজেপিকে সমর্থন করেছেন। তবে শুভেন্দুর এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। তাদের দাবি, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই হারছেন শুভেন্দু। তবে শেষ পর্যন্ত ফল কি দাঁড়ায় তা জানতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *