উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) সার্কিট বেঞ্চের (Circuit Bench) স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে চড়ল রাজনীতির পারদ। শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের (Arjun Ram Meghwal) উপস্থিতিতেই কেন্দ্রীয় এজেন্সি এবং ফান্ড ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ইডি বা সিবিআইয়ের নাম সরাসরি না নিলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ করেন, ‘কিছু এজেন্সি পরিকল্পিতভাবে মানুষের মানহানি ও সম্মানহানির চেষ্টা করছে।’
মঞ্চ থেকে বিচারব্যবস্থার প্রতি আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। আমাদের ইতিহাস-ভূগোল সব যেন সুরক্ষিত থাকে। মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন ট্রেন্ড। ইচ্ছাকৃতভাবে এজেন্সি অপমান করছে। প্লিজ মানুষকে বাঁচান।’ তিনি আরও বলেন, ‘আমি আমার জন্য বলছি না। গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমি এবং আমরা আপনার কাস্টডিতে আছি। আপনি রক্ষা করুন।’ সম্প্রতি আইপ্যাকের অফিসে ইডির হানা এবং পরবর্তীতে আদালতে কেন্দ্রীয় সংস্থার বয়ান নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রীর উপস্থিতিতেই তিনি জানান, রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে, যার মধ্যে ৫২টি মহিলাদের জন্য এবং বাকিগুলি পকসো ও হিউম্যান রাইটস কোর্ট। ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরাই ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করে এই পরিকাঠামো গড়ে তুলেছি।’
