মালবাজার: পেশায় সিভিক ভলান্টিয়ার, অথচ মাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিএলএ হয়ে কাজ করছিলেন সুরজ প্রধান। এহেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হতেই দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। তৃণমূলের তরফে ওই পার্টের বিএলএ’র (BLA) নতুন নাম পাঠানো হয়েছে প্রশাসন ও দলের কাছে।
খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে, সুরজ থানার ডিআইবি বিভাগের সিভিক ভলান্টিয়ার। তার এই পরিচয় সম্পূর্ণ গোপন করেই তৃণমূল কংগ্রেসের হয়ে বিএলএ-র কাজ করছিলেন তিনি। মাল শহর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির লেটারহেডে মোট ২৪ জন বুথ লেবেল এজেন্টের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল ৩ নভেম্বর। সেখানে স্বাক্ষর ছিল টাউন সভাপতি পুলীন গোলদারের।
বিগত ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত নিজের এলাকায় সরকারি বিএলও’র সঙ্গে ঘুরে ঘুরে ফর্ম বিলি করেছেন সুরজ। তৃণমূলের টাউন সভাপতি পুলীন গোলদার জানান, সুরজের বিষয়ে জানার পরেই তাকে দলীয় সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিজেপির মাল টাউন মণ্ডল সভাপতি নবীন সাহার অভিযোগ, শুধু এজেন্ট নয়, বুথ লেবেল অফিসারদের মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী। এমনকি এক ওয়ার্ড কাউন্সিলরের স্ত্রী আছেন বিএলও র দায়িত্বে। সেক্ষেত্রে কিছু এলাকায় সমীক্ষার কাজে নিরপেক্ষতা নিয়ে সংশয় আছে।
