উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজধানী দিল্লিতে ফের একবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের (Central Cupboard Growth) জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। এই প্রেক্ষাপটে একাধিক নেতার নাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
তালিকায় সবার উপরে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর দিল্লি পাড়ি দেওয়ার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নীতীশকে কোনো গুরুত্বপূর্ণ বা ‘হেভিওয়েট’ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র তথা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নাম নিয়েও বেশ গুঞ্জন চলছে। শিবসেনার ভাঙন ও দলের সাংসদদের নিজেদের শিবিরে টানার নেপথ্যে তাঁর বিশেষ ভূমিকার কথা মাথায় রেখেই তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে (Cupboard Reshuffle)।
অন্যদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগদানকারী রাঘব চাড্ডাও (Raghav Chadda) এই তালিকায় রয়েছেন। আপ সাংসদদের বিজেপিতে নিয়ে আসার পুরস্কার হিসেবে তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা। এছাড়া, আগামী বছর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও (Anurag Thakur) ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে।
‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ চরমে। তাঁকে সরানোর দাবিতে সরব কংগ্রেসসহ বিরোধী দলগুলো। এই অবস্থায় তাঁর ভবিষ্যৎ কী হবে, সেদিকেও নজর থাকবে রাজনীতির কারবারিদের।
সব মিলিয়ে মন্ত্রিসভার এই সম্ভাব্য সম্প্রসারণে কোন নতুন মুখ উঠে আসে এবং বাংলাকে কতটা গুরুত্ব দেওয়া হয়, তা নিয়ে এখন থেকেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে।

