বার্নপুর: শনিবার সকাল থেকেই বার্নপুর (Burnpur) স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সেল আইএসপি (ইস্কো) কারখানা কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবৈধ দখলদার বিরোধী অভিযানের জেরে ভাঙা পড়ল আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কার্যালয়। শুধু কাউন্সিলরের অফিসই নয়, এদিন বার্নপুর এলাকায় সেলের (SAIL) জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস (TMC Get together Workplace) ও ক্লাব ঘরেও চালানো হয় উচ্ছেদ অভিযান।
সেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কার্যালয় ও ক্লাবগুলি সেলের জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দখলদারদের বহুবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পরেও তা না সরানোয় শেষ পর্যন্ত কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন অভিযানের বিষয়ে সেলের এক আধিকারিক জানান, “ভবিষ্যতের উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের স্বার্থে এই জায়গা খালি করা জরুরি হয়ে পড়েছিল। ওই জায়গায় নতুন পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের পূর্ণ সহযোগিতার কারণেই আমরা এই অভিযান কার্যকর করতে পারছি। প্রশাসনিক ও পুলিশের সমন্বয়ে এই কাজ আরও গতি পেয়েছে এবং ভবিষ্যতে অবৈধ দখলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে। উচ্ছেদ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, বিষয়টি নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিজেপির দাবি, আগের সরকারের অসহযোগিতার কারণেই সেল কর্তৃপক্ষ আগে এই ধরনের অভিযান চালাতে পারেনি। এখন বিজেপি শাসিত সরকারে কোনো বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না। এলাকার সার্বিক উন্নয়নে সেলের এই জমি দখলমুক্ত করার অভিযানকে স্বাগত জানিয়েছে গেরুয়া শিবির।
