Bolla Kali Temple | বোল্লাকালী মন্দিরের পুকুরের জলে গঙ্গার মাহাত্ম্য! আবেগে ভাসছেন ভক্তরা

শিক্ষা
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মন্দিরে পুজো দিতে গেলে ভক্তের প্রাথমিক নজর থাকে প্রতিমার চরণামৃত, নির্মাল্য কিংবা পায়ের সিঁদুরের ওপর। বালুরঘাটে বোল্লা রক্ষাকালী মন্দিরে (Bolla Kali Temple) দূরদূরান্ত থেকে আসা ভক্তদের চাহিদা যে বস্তুটিকে ঘিরে, তার মধ্যে ভক্তি ও বিশ্বাসের থেকেও আবেগের প্রাধান্য কয়েক গুণ। সেটি মন্দির লাগোয়া পুকুরের জল। পুজো শেষে ওই পুকুরেই বিসর্জন হয় দেবীপ্রতিমার। তবে ভক্তজনের কাছে সেই জল গঙ্গার সমান পবিত্র। তাঁদের বিশ্বাস, সংসারের যে কোনও মাঙ্গলিক কাজে ওই জল দেবীর আশীর্বাদের স্মারক হয়ে ওঠে। সেজন্য পুজো দিয়ে ফেরার পথে শুধু মাথায় ছিটিয়েই ক্ষান্ত হন না ভক্তরা, পুকুরের পবিত্র ওই জল বোতলে ভরে বাড়িও নিয়ে যান।

বোল্লা (Bolla) মন্দির সংলগ্ন পুকুরঘাটে এমন দৃশ্যই দেখা গেল। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেকে বাড়ি থেকে খালি পাত্র এনেছিলেন। মাথায় ও শরীরে জল ছিটিয়ে সেই পাত্রে জল ভরে নিয়ে গেলেন তাঁরা। তাঁদেরই একজন রমেন সরকার। মালদার (Malda) গাজোল থেকে সপরিবার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে পুকুরঘাটে গিয়ে স্ত্রী-সন্তানের মাথায় জল ছিটিয়ে দেন। বোতলে জল নিতে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠেছিল রমেনের স্ত্রী নিরুপমার মুখ-চোখে। তিনি বলেন, ‘বছরে একবার মন্দিরে আসার চেষ্টা করি। এবার পুজোয় আসতে পারব না। তাই পবিত্র জল বাড়ি নিয়ে যাচ্ছি। এই পুকুর আমাদের কাছে গঙ্গা।’

বোল্লাকালীর এই পুকুরের সঙ্গে জড়িয়ে আছে মন্দিরের বহুদিনের বিসর্জনের ঐতিহ্য, তার সঙ্গে অসংখ্য মানুষের আবেগ। বিসর্জনের দিন হাজার হাজার ভক্তের ভিড়ে গিজগিজ করে পুকুরের চারপাশ। ভক্তদের ঢল সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। কিন্তু শেষ হয়েও কিছু যেন বাকি থেকে যায়। চারদিনের ঐতিহ্যবাহী মেলা ও বিসর্জনের হুলুস্থুল মিটে যাওয়ার পর মন্দির লাগোয়া পুকুর যখন শান্ত হয়ে আসে, তখনও তার স্নিগ্ধ জলে মিশে থাকে লক্ষ মানুষের আবেগ আর ভক্তির সুগন্ধ। তবে মন্দির ঘিরে ভক্তদের বিশ্বাস শুধু দেবীর পুজোতে সীমাবদ্ধ থাকে না। মন্দিরের ফুল থেকে আলতা, সিঁদুর, মাটি— সবেতেই পবিত্রতা খুঁজে পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *