BJP | নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা-বিমান! তালিকায় আর কে কে?

BJP | নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা-বিমান! তালিকায় আর কে কে?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। ২৫ বৈশাখের পুণ্যলগ্নে কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে প্রথম বিজেপি সরকার। শনিবার সকাল ১১টা নাগাদ আয়োজিত এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রথা মেনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও (Biman Basu) আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে নজর থাকবে, শেষ পর্যন্ত বিরোধী শিবিরের ক’জন এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকেন।

শপথগ্রহণের ঠিক আগের দিন, অর্থাৎ আজ শুক্রবার তিলোত্তমায় পৌঁছে গিয়েছেন অমিত শা। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন শাহ। এরপরই শুরু হয় হাই-ভোল্টেজ রাজনৈতিক তৎপরতা। বর্তমানে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য-সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র মারফত জানা যাচ্ছে, আলোচনার কেন্দ্রে রয়েছে দু’টি প্রধান বিষয়— প্রথমত, মুখ্যমন্ত্রী হিসেবে কার নামে সিলমোহর পড়বে এবং দ্বিতীয়ত, মন্ত্রিসভার সদস্য কারা হবেন। যদিও দিল্লিতে প্রাথমিক তালিকা তৈরি হয়ে গিয়েছে, তবুও রাজ্য নেতৃত্বের মতামত নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করছেন শা। সবথেকে বড় জল্পনা এখন ‘উপমুখ্যমন্ত্রী’ পদ নিয়ে। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও কি তবে দুই জন উপমুখ্যমন্ত্রী থাকছেন? উত্তর মিলবে আজ বিকেলেই।

বিকেল ৪টের সময় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন অমিত শাহ। মনে করা হচ্ছে, সেখানেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। দুই উপমুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনা সত্যি হলে, তাঁদের নামও একই সঙ্গে সামনে আসবে। আজকের বৈঠকেই চূড়ান্ত হবে বাংলার আগামী শাসনকাঠামো। ব্রিগেডের হাই-প্রোফাইল শপথগ্রহণের আগে এখন কেবল সময়ের অপেক্ষা— কে হচ্ছেন বাংলার নতুন ভাগ্যবিধাতা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *