উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের আয়োজিত ‘বিধায়ক দরবারে’ এক অভাবনীয় রাজনৈতিক নাটক দেখতে পেল রাজ্য রাজনীতি। এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনার ওই বৈঠকে আচমকাই হাজির হন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। শুধু তা-ই নয়, মন্ত্রীর সামনে গলা চড়িয়ে এবং আঙুল উঁচিয়ে তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। শাসকদলের এক মন্ত্রীর সামনে এক দলীয় বিধায়কের এহেন বাকবিতণ্ডায় জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
মঙ্গলবার রাতে যখন ওই বৈঠক চলছে, ঠিক সেই সময় হঠাৎই সেখানে উপস্থিত হন পীযূষ। মঞ্চের সামনে সাধারণ মানুষের বসার জায়গায় গিয়ে বসেন তিনি। বিষয়টি দেখে প্রাথমিকভাবে অবাক হলেও শারদ্বত সৌজন্য দেখিয়ে তাঁকে মঞ্চে উঠে আসার অনুরোধ জানান। কিন্তু পীযূষ তা প্রথমে অস্বীকার করায় সামান্য অস্বস্তি তৈরি হয়। পরে অবশ্য শারদ্বতের বারবার অনুরোধে তাঁর পাশের চেয়ারে গিয়ে বসেন তিনি।
বৈঠক চলাকালীন শারদ্বত বেশ কিছু বেনামি অভিযোগপত্র পড়ে শোনান, যেখানে সিন্ডিকেট ও তোলাবাজির নানা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রসঙ্গ ধরে শারদ্বত উপস্থিত লোকজনকে আশ্বাস দিয়ে বলেন, এলাকায় কোনও ভয়ভীতি দেখানো চলবে না এবং নির্মাণসামগ্রী কেনার ক্ষেত্রে মানুষের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সরকার বদলের পর রাজ্যে ‘ভয় আউট, ভরসা ইন’ নীতি কার্যকর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঞ্চে মন্ত্রীর সেই বক্তব্য শেষ হতেই পরিস্থিতি মোড় নেয় অন্য দিকে। মঞ্চ থেকে নেমে মাইক্রোফোন হাতে নিয়ে উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন পীযূষ। তিনি দাবি করেন, ‘‘জীবনে কাউকে সিন্ডিকেট চালাতে দিইনি।’’ সেই সঙ্গে দমদম পার্ক এলাকায় পুরনো কিছু বিতর্কিত ব্যক্তির আনাগোনা এবং পুরসভার একটি লাইটের কন্ট্রাক্ট নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি। পীযূষের স্পষ্ট হুঁশিয়ারি, এলাকাকে অশান্ত করার চেষ্টা করলে তিনি তা কোনোভাবেই বরদাস্ত করবেন না।
এই অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের একাংশও যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন। শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরো বিষয়টি তিনি দলকে জানাবেন। অন্যদিকে পীযূষ কানোরিয়ার দাবি, ওই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে মানুষের অধিকার রক্ষা করতেই তিনি সরব হয়েছেন এবং কেউ তা খণ্ডন করার চেষ্টা করলে তিনি চুপ থাকবেন না।

