উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন (BJP Employee Homicide)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের (Baruipur) উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। বাপি প্রামাণিক নামে ওই সক্রিয় বিজেপি কর্মীকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, নিহত বাপি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের (TMC) অত্যাচারের কারণে প্রায় এক দশক ধরে তিনি ঘরছাড়া ছিলেন বলে অভিযোগ। সম্প্রতি বাড়ি ফিরে একটি দোকান চালু করেছিলেন তিনি। রবিবার রাতে আচমকাই তাঁকে ফোনে ডেকে পাঠানো হয়। এরপর মাঝরাস্তায় রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা সুজন মণ্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের অভিযোগ, ওই বিজেপি নেতা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে ও বৈঠক করে এই হত্যাকাণ্ডের চক্রান্ত করেছেন। পরিবারের সদস্যরা অভিযুক্ত বিজেপি নেতা সহ জড়িতদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।
তবে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকায় একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয় এবং তাতেই গুরুতর আহত হয়ে বাপির মৃত্যু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

