উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বিরাটিতে বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) একটি সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শুক্রবার বিরাটির (Birati) বণিক মোড়ে এই সভা হওয়ার কথা ছিল। পুলিশের তরফ থেকে নির্দিষ্ট অনুমতি থাকা সত্ত্বেও সভাটি পণ্ড করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি সভামঞ্চ ভাঙচুর, ফ্লেক্স ছেঁড়া এবং মাইক লাগাতে বাধা দেওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে যান সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তীও।
ছাত্র সংগঠনের দাবি, শুক্রবার সকাল থেকেই সভার প্রস্তুতি চলছিল। কিন্তু শুরু থেকেই স্থানীয় কিছু দুষ্কৃতী বাধা দিতে শুরু করে। যাঁরা মাইক বাঁধতে এসেছিলেন, তাঁদের কাজ না করার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার জেরে তারা ভয়ে পালিয়ে যান। এরপর সভা শুরুর আগে একদল লোক এসে জোরপূর্বক চেয়ার ও মাইক সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এসএফআই নেতাকর্মীরা সেই নির্দেশ মানতে অস্বীকার করলে কথা কাটাকাটি থেকে হাতাহাতি বেধে যায়। অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে ঠেলে এসএফআই নেতা অনিকেত চক্রবর্তী জানান, তাঁদের কাছে সভা করার বৈধ অনুমতি ছিল। তা সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, এসএফআইয়ের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ সিকদার দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তাঁর মতে, সিপিএমকে সাধারণ মানুষ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। এসএফআই বা সিপিএম মিথ্যেভাবে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

