রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ‘বাঙালি ব্যবসা করে না’— দীর্ঘদিনের এই প্রচলিত দুর্নাম ও সামাজিক মানসিকতা বদলে একজোট হচ্ছেন বাঙালি উদ্যোগপতিরা। ইতিহাস ও রক্তে লুকিয়ে থাকা সফল বাঙালি ব্যবসায়ীদের থেকে শিক্ষা নিয়ে স্বনির্ভরতার মানসিকতা গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। শনিবার শিলিগুড়িতে বেঙ্গল বিজনেস কাউন্সিল (Bengal Enterprise Council) আয়োজিত ‘আলাপ-আলোচনা’ শীর্ষক সভায় এই বার্তাই দিলেন সংগঠনের সভাপতি তথা বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ। এদিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত থেকে বেশকিছু বাঙালি শিল্পোদ্যোগী ও ব্যবসায়ী অংশ নিয়েছিলেন।
সভায় উত্তরবঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘উত্তরবঙ্গে অবাঙালিরা ব্যবসার দখল নিয়েছে বলা হয়। এসব বলে লাভ নেই। কেননা আমরাই আত্মবিশ্বাস হারিয়ে অন্যদের জায়গা ছেড়ে দিয়েছি। আমরা চাকরির দিকে বেশি গুরুত্ব দিয়েছি।’ তবে, এই ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে বলেও তিনি দাবি করেছেন।
চন্দ্রশেখর বাঙালি সমাজের একটি চিরপরিচিত মানসিকতার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘আজও সমাজে ধারণা রয়েছে, ছেলে ব্যবসা করলে তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বরং মাসের শেষে নির্দিষ্ট বেতন পাওয়া সরকারি করণিকের চাকরিওয়ালাই বেশি পছন্দের। এমনকি ভিনরাজ্যে বিভিন্ন কনফারেন্স অনুষ্ঠানে গেলেও আমাকে বলা হয়, আপনি তো বাঙালি। আমি বলি, হ্যাঁ। অনেকেই আমাকে বলেন যে, এত বিশাল কর্মকাণ্ডে আপনার অনুপ্রেরণা কে বা কারা? আমি তাঁদের বলি, আমার মনোবলই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’ তাঁর কথায়, ‘আমি বাঙালি হয়েও কীভাবে বন্ধন ব্যাংকের মতো এত বিরাট একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, সেটা তাঁদের অবাক করে।’ তাঁর মতে, এই ধারণা বা দুর্নাম মোছাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
তাঁর দাবি, ইতিহাস সাক্ষী যে, বাঙালিরা কখনোই ব্যবসাবিমুখ ছিল না। জিন ও রক্তে জড়িয়ে থাকা সেই ঐতিহ্যকে স্মরণ করে নিজেদের মনোবল শক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। আমি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার মনোবল কতটা? মনোবল বেশি হলে ব্যবসাও বাড়বে। নিজের কাজের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘নিজের মনোবল যদি না থাকে, তবে কোনও কাজেই সাফল্য আসে না।’
বঙ্গীয় অর্থনীতিতে বাঙালিদের অংশগ্রহণ ও প্রাধান্য বাড়াতে আরও বেশি সংখ্যক উদ্যোক্তাকে এই সংগঠনের আওতায় নিয়ে আসাই তাঁদের মূল লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেন। বন্ধন ব্যাংকের শুরুর দিকের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দু’বছরে ১০টা শাখা তৈরি করেছিলাম। পরের বছরে নতুন ৪৫টা শাখা খুলি। সেই সময় আমার কর্মীরাই বলেছিলেন যে, স্যর খুব বেশি হয়ে যাচ্ছে না তো? আমি তাঁদের বোঝাই যে, আমি যদি নতুন জায়গায় শাখা খুলতে না পারি, তাহলে অন্য ব্যাংক সেখানে এসে শাখা খুলবে। আমরা পিছিয়ে যাব। তাই জায়গা ছাড়া যাবে না। শক্তি অনুযায়ী যত দ্রুত নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, ব্যবসায়ী, শিল্পপতিদের সংগঠন তো প্রচুর আছে। আমি সবগুলির সঙ্গেই চলেছি। কিন্তু বাঙালির অনুভূতি সেখানে পাওয়া যায় না। দুজন বাঙালি একসঙ্গে বসলে যে আলোচনা হয়, যে অনুভূতি আসে, তা অন্য সংগঠনগুলিতে নেই। সেইজন্যই শুধুমাত্র বাঙালি উদ্যোগপতিদের নিয়েই আমাদের এই সংগঠনের পথ চলা।
উত্তরবঙ্গে ব্যবসার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন প্রচুর পর্যটক আসছেন। এখানকার চা বাগানগুলির কিছুটা জমি নিয়ে রিসর্ট, ওয়েলনেস সেন্টার তৈরি হতে পারে। মহানন্দা নদীর ধারকে সাজিয়ে পর্যটকদের আকর্ষণের ব্যবস্থা করা, পাশে রেস্তোরাঁ, খেলনার দোকান— সবকিছুই হতে পারে। শিলিগুড়িতেই উন্নয়নের প্রচুর সুযোগ রয়েছে।’ চন্দ্রশেখর মনে করেন, ‘কলকাতার ইকো পার্কের মতো শিলিগুড়িতেও একটা পার্ক তৈরি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদার আম, বিধাননগরের আনারস, দার্জিলিংয়ের কমলালেবু বিশ্বখ্যাত। অথচ শুধু সংরক্ষণের সুযোগ না থাকায় এই তিনটি ফলই প্রতি বছর ২০-২৫ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। এখানে কোল্ড স্টোরেজ করা যেতে পারে।’
এদিন বিকেলে এই আলোচনা সভায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়— ঐতিহ্য, উন্নয়ন ও পরবর্তী প্রজন্ম। এই তিনটি বিষয়ে আলোচনায় ছিলেন শুভদীপ রায়, অভিষেক আড্ডি, ধীমান দাস, সুব্রত দত্ত, অনর্ঘ উত্তীয় চৌধুরী ও আভেলো রায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বাঙালি উদ্যোগপতিদের এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মন্ত্রী হিসাবে শপথ নিয়ে আমি চার মাসে সমস্তকিছু বোঝার চেষ্টা করেছি। এবার বিভিন্ন নীতি প্রণয়নের কাজ শুরু করব।’ বাংলার পর্যটন, বাংলার মিষ্টির পাশাপাশি এবার পুজোয় বাংলার খাবারকেও দেশবিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

