রাজা বন্দোপাধ্যায়, আসানসোল: বাংলার (Bengal Election) অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমানে পদ্মফুলের ঝড়। আর সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল কংগ্রেস। ৯-০ ফলাফলে একেবারে পর্যুদস্ত ঘাসফুল। এই জেলায় হেরেছেন দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এর পাশাপাশি হেরেছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। পরাজিত হয়েছেন তাপস বন্দোপাধ্যায়ও। পরাজয়ের মুখ দেখতে হয়েছে জামুড়িয়ার বিদায়ী বিধায়ক হরেরাম সিংকেও।
২০২১ সালের জয়ী তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, ডাঃ অজয় পোদ্দার ও লক্ষণ ঘোড়ুইয়ের সঙ্গে এবার নতুন মুখ হিসেবে বিধানসভায় যাচ্ছেন ৫ নতুন মুখ। তারা হলেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায়, ডাঃ বিজন মুখোপাধ্যায়, পার্থ ঘোষ ও চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। এর সঙ্গে পুরনো মুখ হিসেবে এবার ভোটে জিতে বিধায়সভায় যাচ্ছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি।
