প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : দীপাবলি ও ছটপুজোর মরশুমে ৪৮টি স্পেশাল ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। বেশিরভাগ ট্রেন আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে। ছোট স্টেশনে থামবে ২ মিনিট, আর বড় স্টেশনে ৫ মিনিট। ছটপুজোর মরশুমে যাত্রীদের অত্যধিক চাপ কমাতে এই উদ্যোগ।
রেল সূত্রে খবর, অসম থেকে আলিপুরদুয়ার হয়ে বিহার রুটে এই ট্রেনগুলি চলাচল করবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য স্টেশন চত্বরে নজর রাখবে আরপিএফ সহ রেলকর্মীদের বিশেষ টিম। কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের একাধিক অতিরিক্ত জায়গায় স্টপের নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।
কোন ট্রেনে কত যাত্রী তা জানতে টিকিট বুকিংয়ের উপর নজর রাখা হবে। প্রয়োজনে সেই ট্রেনে অতিরিক্ত কোচ সংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের জন্য যাতে টিকিট কাটতে সমস্যা না হয় সেজন্য বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে না।
বুধবার আলিপুরদুয়ার জংশন স্টেশনে সাংবাদিক সম্মেলন করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং একথা জানান। তিনি বলেন, ‘আলিপুরদুয়ার ডিভিশনে ৪৮টি বিশেষ ট্রেন সুষ্ঠুভাবে চালানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে।’
এছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন এডিআরএম সাহেমলুং কামই সহ অন্য রেলকর্তারা। প্রতিটি স্টেশনে নিরাপত্তার জন্য সিসিটিভির উপর নজর রাখা হবে। এছাড়াও ট্রেন পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়ার নির্দেশ রয়েছে। ট্রেনে পরিচ্ছন্ন বিছানার চাদর ও বালিশের ঢাকনা সরবরাহের আশ্বাস দিয়েছেন ডিআরএম।
এছাড়াও আলিপুরদুয়ার জংশন স্টেশনে দ্বিতীয় পিট লাইন তৈরির কাজ চলছে বলে জানান তিনি। একটি পিট লাইন আগে থেকে রয়েছে। দ্বিতীয় লাইন তৈরি হলে আরও ট্রেন রক্ষণাবেক্ষণের সুবিধা হবে। এছাড়াও ইন্দো-ভুটান রেলপথ কোকরাঝাড়-গেলেফু রুটের কাজ শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন। সিকিম-রংপো রেলপথের কাজ শেষ হতে আরও দুই বছর লাগবে বলে মনে করছেন রেলকর্তারা।
