উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোজকার একঘেয়ে মেটের চচ্চড়িতে বৈচিত্র্য আনতে চান? তবে এবার ট্রাই করতে পারেন গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর ‘গন্ধরাজ মেটে’। তীব্র গরমের দুপুরে লেবুর সতেজ সুবাস আর মেটের ঝাল স্বাদের যুগলবন্দি আপনার দুপুরের ভোজকে করে তুলবে রাজকীয়। অতিথি আপ্যায়নেও এই পদটি দারুণ কার্যকর।
কীভাবে বানাবেন? প্রথমে ২৫০ গ্রাম মেটে আধ চা চামচ রসুনবাটা, আধ চা চামচ আদাবাটা, নুন, হলুদ ও গোলমরিচ দিয়ে ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিন। পেঁয়াজ বাদামি হলে তাতে ১ চামচ আদাবাটা, ১.৫ চা চামচ রসুনবাটা, গোটা গোলমরিচ ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে ম্যারিনেট করা মেটে দিয়ে দিন। স্বাদমতো নুন ও রঙের জন্য সামান্য চিনি মিশিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।
শেষ মুহূর্তের চমক: রান্নায় তেল ছাড়তে শুরু করলে ১ চা চামচ গন্ধরাজ লেবুর রস এবং এক চিমটে লেবুর খোসার নির্যাস (জ়েস্ট) মিশিয়ে নিন। শেষে এলাচ ও দারচিনির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় উপরে আরও কিছুটা লেবুর জ়েস্ট ছড়িয়ে দিলেই তৈরি আপনার জিভে জল আনা ‘গন্ধরাজ মেটে’।
চটজলদি এই রেসিপি দিয়ে পরিবারের সবাইকে চমকে দিন আজই!
